প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

দেবিদ্বার হাসপাতালে দালালচক্রে মোবাইল কোর্টের হস্তক্ষেপ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

দেবিদ্বার সরকারি হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং নানা অনিয়মের অভিযোগে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছালে বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

 

অভিযানের সময় হাসপাতাল চত্বরে দালালি করতে গিয়ে আক্তার হোসেন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

স্থানীয়সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যেতেন এবং বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণ করতেন। তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়লেও এতদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “রোগীসেবার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো দালালকে হাসপাতাল এলাকায় অবাধে চলতে দেওয়া হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

 

এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, নিয়মিত অভিযান ও প্রশাসনিক নজরদারির মাধ্যমে দেবিদ্বার হাসপাতালকে দালালমুক্ত করা সম্ভব হবে।

প্রিন্ট করুন