রাজনৈতিক ষড়যন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে দেবিদ্বারে। বিএনপির নিবেদিতপ্রাণ নেতা বদিউল আলম বদুকে ঘিরে একাধিক কুচক্রী মহল চালাচ্ছে পরিকল্পিত অপপ্রচার যার বিরুদ্ধে এখন ক্ষোভে ফুঁসছে স্থানীয় বিএনপি ও সচেতন মহল।
ভিংলাবাড়ি গ্রামের মৃত সোয়া মিয়ার ছেলে বদিউল আলম বদু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। বর্তমানে তিনি দেবিদ্বার পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সক্রিয়তার কারণে আওয়ামী সরকারের আমলে একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি।
গত ৭ নভেম্বর শুক্রবার রাতে বদিউল আলমের বড় ছেলে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাকে ঘিরে শুরু হয় অপপ্রচারের নতুন ঢেউ।
বদিউল আলম বদু বলেন, “আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে বিএনপির রাজনীতি দিয়ে। ২০১৩ সালের হরতালে ১৪০০ আসামির মধ্যে ৪৯ নম্বর আসামি ছিলাম আমি। আজও আমি সেই আদর্শেই অটল।”
তিনি অভিযোগ করেন, “আমার ছবি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। ৪ আগস্টের একটি ভুয়া ছবি বানিয়ে দাবি করা হচ্ছে আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম যা সম্পূর্ণ মিথ্যা। আমি ওইদিন নিজ বাড়িতেই অবস্থান করছিলাম।”
দেবিদ্বার পৌর বিএনপির সভাপতি ভিপি মাহফুজ বলেন, “বদিউল আলম বদু দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। এটি তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।”
বদিউল আলম বদু স্পষ্ট ভাষায় বলেন, “আমি বিএনপির প্রকৃত সৈনিক। অপপ্রচার, ষড়যন্ত্র কিংবা ভয় দেখিয়ে কেউ আমাকে আমার আদর্শ থেকে সরাতে পারবে না।”

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :