বহিষ্কৃতদের দলে ফেরানো ও মনোনয়ন বিএনপির নির্বাচনি কৌশলে বড় পরিবর্তন, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ বিভেদ নিরসনে এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠনে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে বিএনপি। ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করলেও, এখন সেই নেতাদেরই দলে ফিরিয়ে এনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অন্তত ৮০ জন তৃণমূল নেতাকে পুনর্বহাল করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনকে সরাসরি দলীয় মনোনয়নও দেওয়া হয়েছে।
সর্বশেষ রোববার একসঙ্গে ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানায়, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। যদিও দলীয় মনোনয়ন ঘিরে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে আবারও কঠোর হচ্ছে হাইকমান্ড। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করা হলেও তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতোমধ্যে ৫০ জন নেতাকর্মীকে নতুন করে বহিষ্কারও করা হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বহিষ্কৃতরা দলের ত্যাগী কর্মী। তারা ক্ষমা চেয়ে আবেদন করেছেন, যাচাই-বাছাই করে পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে যারা বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
দল মনে করছে, আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকায় জামায়াতে ইসলামী হতে পারে প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই পুরোনো কর্মীদের ফেরানো শুধু সাংগঠনিক নয়, এটি কৌশলগত সিদ্ধান্তও। নির্বাচনের আগে আরও অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে।
এদিকে চট্টগ্রাম-১, ময়মনসিংহ-১১, পিরোজপুর-৩, রংপুর-১ ও ২, খুলনা-২ এবং কিশোরগঞ্জ-৪ আসনে বহিষ্কৃত নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রাপ্ত মো. ফজলুর রহমানের স্থগিতাদেশ এখনো পুরোপুরি উঠেনি।
তৃণমূল নেতারা মনে করছেন, বহিষ্কৃতদের দলে ফেরানোয় সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে বিএনপি। অনেকেই এলাকাভিত্তিক নির্বাচনি কাজ শুরু করেছেন। তবে হাইকমান্ড বারবার সতর্ক করছে নতুন করে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অনলাইন ডেস্ক :