কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাকারবারিদের ফেলে দেওয়া ভারতীয় আতশবাজির বস্তা ট্রেনের নিচে পড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার পীতাম্বর এলাকার রেয়াছত আলী ফকির মাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান শতাধিক যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সালদানদী ও শশীদাল রেলস্টেশন হয়ে প্রতিদিন ভারতীয় অবৈধ পণ্য পাচার করে একদল চোরাকারবারি। সেদিন সন্ধ্যায় সদর রসুলপুর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনার খবর পেয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস থেকে তড়িঘড়ি করে চোরাকারবারিরা বস্তাবন্দি মালামাল ট্রেনের বাইরে ফেলে দেয়। এর মধ্যে আতশবাজি ভর্তি একটি বস্তা পাশ দিয়ে ক্রস করা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে চলে যায়, ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে, যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর এলাকাবাসী রেললাইন থেকে ফেলে দেওয়া ভারতীয় পণ্য সংগ্রহ করতে শুরু করে, পরে স্থানীয় একটি সিন্ডিকেট দ্রুত সেসব পণ্য সরিয়ে ফেলে।
স্কুলশিক্ষার্থী মাহফুজ, সিয়াম ও অমিত জানান, ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা ট্রেন থামার আগেই বস্তাগুলো ফেলে দেয়। আতশবাজি ট্রেনের চাকার নিচে পড়ে বিস্ফোরণ ঘটে, তখন ট্রেনে থাকা সবাই আতঙ্কে কেঁপে ওঠে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যার আগে এসব অবৈধ মালামাল স্টেশনের বাথরুম ও অফিসকক্ষে এনে রাখা হয়, পরে সুযোগ বুঝে ট্রেনে তুলে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিয়মিত যাত্রী জানান, এসব বস্তার আড়ালে ইয়াবা, গাঁজা, আইস, কসমেটিকস ও আতশবাজি পাচার করা হয়। তার দাবি, কিছু ট্রেন কর্মকর্তা ও স্টেশন মাস্টার এই কাজে জড়িত থাকতে পারেন।
স্থানীয়দের মতে, এলাকায় সক্রিয় কয়েকটি চোরাকারবারি সিন্ডিকেট রয়েছে, যার মধ্যে শশীদলের রেজাউল করিম অন্যতম। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে রেলওয়ের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে ভারতীয় অবৈধ মালামাল রেলযোগে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছেন। অভিযোগ রয়েছে, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিজিবির কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করে এই সিন্ডিকেট তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানান, ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।

ফয়েজ আহমেদ ভূইয়া :