গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সোমবার রাতে তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ‘মরা লাশ’ আখ্যা দিয়ে বলেছেন, আগামী ৫০ বছরেও দলটি দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি দাবি করেন, ২০২৪ সালে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটেছে।
নুর লিখেছেন, “৭৫-এ শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এর দাফন-কাফন সম্পন্ন হবে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক পলাতক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না। কী দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ, মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার?”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছে, সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”
নুরুল হক নুর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে বলেন, “নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।”

অনলাইন ডেস্ক :