প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

অনলাইন ডেস্ক :

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান সম্মেলনস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আর্টডকের জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট।

 

সম্মেলনে সেনাপ্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে কোরের সদস্যরা যেন ভবিষ্যতের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে।”

 

তিনি আরও বলেন, “পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে আর্মি সার্ভিস কোরকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তুলতে হবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমটিএফের মহাপরিচালক, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট এবং আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়করা।

প্রিন্ট করুন