ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির এক অজ্ঞাতস্থানে অবস্থানরত অবস্থায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে চান, তবে তার আগে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।
হাসিনা বলেন, দিল্লিতে তিনি তুলনামূলকভাবে স্বাধীনভাবে সময় কাটাচ্ছেন এবং যুক্তিসঙ্গত সীমার মধ্যে নিজের ইচ্ছামতো চলাফেরা করতে পারছেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেন। তার অভিযোগ, উগ্রপন্থিরা ইউনূসকে আন্তর্জাতিক পরিসরে ‘ব্যবহার’ করছে, যার ফলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ভেঙে পড়েছে এবং সংখ্যালঘুরা ভবিষ্যতে টার্গেটে পরিণত হতে পারে।
অভ্যুত্থান প্রসঙ্গে হাসিনা বলেন, আন্দোলনটি শুরুতে ছিল শান্তিপূর্ণ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। কিন্তু দাবি মেনে নেওয়ার পরও একটি উগ্রপন্থি গোষ্ঠী আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয়। ফরেনসিক রিপোর্টে কিছু বিদেশি ভাড়াটে উস্কানিদাতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগকে হাসিনা ‘মিথ্যা’ এবং রাজনৈতিক প্রতিপক্ষের তৈরি বলে অভিহিত করেন। তিনি বলেন, ইউনূসের শাসনে বাংলাদেশের সহনশীল ও শান্ত সমাজ উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং মন্ত্রিসভার ভেতরেও উগ্রপন্থিদের প্রভাব বেড়েছে।
এই সাক্ষাৎকারে হাসিনা স্পষ্টভাবে জানান, দেশে ফিরতে হলে আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন ছাড়া দেশে ফেরার প্রশ্নই ওঠে না।
সূত্র: মানবজমিন

অনলাইন ডেস্ক :