জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। তিনি রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) পদে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
নবাগত ডিসি হিসেবে মু. রেজা হাসানের আগমনকে ঘিরে কুমিল্লায় প্রশাসনিক গতিশীলতা, স্বচ্ছতা ও জনসেবায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার উন্নয়ন, নির্বাচন প্রস্তুতি এবং নাগরিক সেবায় তিনি কীভাবে ভূমিকা রাখবেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
একই প্রজ্ঞাপনে দেশের আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে কুমিল্লাবাসীর নজর এখন মু. রেজা হাসানের নেতৃত্বে জেলার প্রশাসনিক ভবিষ্যতের দিকে।

নিজস্ব প্রতিবেদক :