প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটে ভাঙন একাংশকে বের করে দিল কমিশন

অনলাইন ডেস্ক :

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত রাজনৈতিক সংলাপে ইসলামী ঐক্যজোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগেই দলটির দুই অংশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যার ফলে একাংশকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেওয়া হয়।

 

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার এবং ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলে প্রবেশ করে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অনুসারীরা।

 

সাখাওয়াত হোসেন রাজি আমিনীর অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যায়িত করে বলেন, “তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেবো না।” এরপর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র যাচাই করতে চান। রাজির অংশ হার্ডকপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান। সচিব স্পষ্টভাবে জানান, “হার্ডকপি না থাকলে আপনাদের চলে যেতে হবে।” একাধিক অনুরোধেও সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় আমিনীর অংশকে বের হয়ে যেতে হয়।

 

বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ আমাদের নামে দল নিবন্ধিত এবং আমাদেরই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। ব্ল্যাকমেল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে।”

 

সংলাপের শুরুতে সিইসি বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আচরণবিধি অনুসরণে সংলাপ ও ভোট প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব এবং দলগুলোও এই আচরণবিধি প্রচারে অংশ নিতে পারে।”

 

সকাল সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

 

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোটের অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে, যা আগামী নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

প্রিন্ট করুন