কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার তদন্তে তার আয়কর সংক্রান্ত সব নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ নভেম্বর) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, আসামি হিসেবে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মো. মুজিবুল হকের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত জমাকৃত আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশসহ সংশ্লিষ্ট সব নথি জব্দ করা প্রয়োজন। আয়কর আইন ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী এসব নথি জব্দে আদালতের অনুমতি বাধ্যতামূলক হওয়ায় দুদক আদালতের শরণাপন্ন হয়।
মামলার নথি অনুযায়ী, সাবেক সংসদ সদস্য থাকাকালীন মো. মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে সাত কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১ গত ১৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে।
শুনানি শেষে আদালত আসামির টিআইএন নম্বর ৩২৫১০৩১০৩১–এর অধীনে কর সার্কেল–০২ (কোম্পানিজ), কর অঞ্চল–কুমিল্লায় সংরক্ষিত সব রেকর্ড জব্দের নির্দেশ দেন। একইসঙ্গে একটি সত্যায়িত কপি সংগ্রহ করে তা তদন্ত কর্মকর্তাকে সরবরাহ করতে বলা হয়। আদেশের অনুলিপি কর কমিশনার, কর অঞ্চল–কুমিল্লা এবং উপ-কর কমিশনার, কর সার্কেল–০২ (কোম্পানিজ)–এর কাছেও পাঠানোর নির্দেশ দেন আদালত।
এই আদেশের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে সাবেক জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনলাইন ডেস্ক :