প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ছুটির দিনে জোর করে ডিউটি : কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পে অচেতন ৮০ নারী শ্রমিক

আমেনা বেগম :

আজ শুক্রবার, সরকারি ছুটির দিনে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত নারী শ্রমিকদের জোর করে ডিউটিতে আনা হয়। এমন এক দিনে সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা।

 

ভূমিকম্পের সময় ইপিজেডের ভবনগুলো দুলে উঠলে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন নারী শ্রমিকরা। হুড়োহুড়ির মধ্যে অন্তত ৮০ জন নারী শ্রমিক অচেতন হয়ে পড়েন এবং আরও পাঁচজন আহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিনে কাজ করতে বাধ্য হওয়ায় শ্রমিকদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। তার ওপর হঠাৎ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

বেপজা হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ জন নারী কর্মী। অতিরিক্ত আতঙ্ক ও শ্বাসকষ্টে ভুগে আরও ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, “ভূমিকম্প শুরু হতেই দুটি কোম্পানির নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে বের হতে গিয়ে পড়ে যান, কেউ কেউ মেঝেতে লুটিয়ে পড়েন।”

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ বলেন, “আমরা অন্তত ৩০ নারী কর্মীকে চিকিৎসা দিয়েছি। তাঁদের বেশিরভাগই আতঙ্ক ও শ্বাসকষ্টে ভুগছিলেন।”

 

এদিকে, দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে এবং আরেকটি ভবনে ফাটল দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

শ্রমিকদের অভিযোগ, ছুটির দিনে জোর করে ডিউটি করানো শুধু অমানবিকই নয়, বরং বিপদের সময় তা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনে।

প্রিন্ট করুন