টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় রাজনৈতিক পরিচয় বদলে আলোচনায় আসা ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আরাফ রিফাতের বিরুদ্ধে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, রিফাত এখন যুবদলের ছত্রছায়ায় থেকে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
ঘটনার সূত্রপাত গত বুধবার বিকেলে। যুবদল নেতা কামালের তিনতলা বাড়িতে দলবল নিয়ে ঢুকে পড়ে রিফাতের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী চক্র। তারা ডাকাতির কায়দায় হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
হামলার সময় কামালের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়ে যান। পরে তারা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন। কিন্তু এখানেই শেষ নয়—সংবাদ সম্মেলনের জের ধরে আবারও হামলা চালানো হয় কামালের বাড়িতে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, আরাফ রিফাত রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির অভ্যন্তরে বিভাজন তৈরি করে এলাকায় অস্থিরতা বাড়াচ্ছেন। তার বিরুদ্ধে একাধিকবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পরপরই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। ভাড়াটিয়ারা ঘর ছেড়ে পালিয়ে যান। সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা অফিস :