লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না পেয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই দলের অঙ্গসংগঠন যুবদলের কর্মী মো. ইউসুফ (৪২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে। অভিযুক্ত ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে।
আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী জানান, তার স্বামী শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুই লাখ টাকা সংগ্রহ করেন। এই খবর পেয়ে ইউনিয়ন যুবদলের কর্মী ইউসুফ ও তার সহযোগীরা ওই টাকা দাবি করে আসছিল। গত কয়েকদিন ধরে তারা আনোয়ারের দোকানে গিয়ে হুমকি দিয়ে আসছিল।
মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ইউসুফসহ আরও দুইজন আনোয়ারের দোকানে এসে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার দৌড়ে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমির ফয়সাল জানান, নিহতের বুকে ও পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, “হত্যাকারী ইউসুফ যুবদলের কর্মী হলেও আনোয়ার ছিলেন সাধারণ বিএনপি কর্মী।”
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, বাগবিতণ্ডার একপর্যায়ে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক :