রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই মানবিক অবস্থান ও সহমর্মিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রেক্ষাপটে ড. ইউনূস এক বিবৃতিতে দেশবাসীর কাছে তাঁর আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
ড. ইউনূসের এই মানবিক বিবৃতিকে ‘সৌজন্য ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, “জাতীয় নেত্রীকে ঘিরে এমন মানবিক উদ্বেগ ও সহানুভূতি আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
এই বিবৃতি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে, যা দেশের গণতান্ত্রিক চর্চায় সৌজন্য ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনলাইন ডেস্ক :