জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে তিনি দেখছেন না। শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় তিনি বলেন, “আমি আবারও আমার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করছি—যদি নির্বাচন হয়ও, তা হবে একটি ‘ফার্সিকাল ইলেকশন’। সেটা ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো হতে পারে; কিংবা আরও পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ১৯৮৬ বা ১৯৮৮ সালের নির্বাচনের মতোও হতে পারে। বাস্তবতায় আমি এখন কোনো নির্বাচন দেখছি না।”
তিনি প্রশ্ন তোলেন, “আমি কেন নির্বাচন দেখি না? বরং আমি জানতে চাই—আপনারা কোন ভিত্তিতে নির্বাচন দেখছেন? নির্বাচনের কী প্রস্তুতি রয়েছে? সরকারের পক্ষ থেকে কী ধরনের সদিচ্ছা লক্ষ্য করেন? আর রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো কার্যকর তৎপরতা কি দেখছেন?”
জিল্লুর রহমান বলেন, “নির্বাচনটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। গত ১৪ মাসে দেশের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। বিএনপিও নির্বাচনের জন্য সরকারকে তেমন চাপ দেয়নি।”
আলোচনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাম্প্রতিক স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে বিবৃতির শেষ অংশে তিনি স্পষ্ট করেন—বাংলাদেশে ফেরা তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না। এমন কিছু বিষয় আছে, যা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলেন, “রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে তিনি দেশে ফিরবেন।”
জিল্লুর রহমান মনে করেন, রাজনৈতিক পরিস্থিতি বিএনপি ও তারেক রহমানের অনুকূলে নেই। তিনি বলেন, “এই সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়। তারা নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। বিএনপি সেই টোপে পা দিয়েছে।”
তিনি আরও বলেন, “গত কিছুদিন আমরা দেখলাম—জামায়াত, বিএনপি, এনসিপি সবাই হইচই করছে কে কার সঙ্গে জোট করছে। আবার গত কয়েক দিন সব কিছু থমথমে, উত্তেজনাপূর্ণ, বিপজ্জনক। এই থমথমে ভাবটাও ভীষণ ভীতিকর। এর মধ্যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো দিল্লিতে ছোটাছুটি করছেন।”
তার মতে, আগামী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে পারে। “এখানে যদি একটি জনগণের সরকার থাকত, নির্বাচিত সরকার থাকত, সঠিক রাজনীতি থাকত—পরিস্থিতিটা অন্য রকম হতে পারত। তার পরও আমরা প্রত্যাশা করি—ধ্বংসস্তূপের মধ্য দিয়েও মানুষ ঘুরে দাঁড়ায়, দেশ ঘুরে দাঁড়ায়।”
তিনি দেশের গুরুত্বপূর্ণ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। বলেন, “তিনি হয়তো আগের মতো রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না, কিন্তু পরিবারের অভিভাবকের মতো তার অস্তিত্বই দলের জন্য শক্তি হতে পারে। দেশের জন্যও তিনি এক ধরনের শক্তি।”

অনলাইন ডেস্ক :