কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও এলডিপি’র নেতা-কর্মীরা। সংঘর্ষে এলডিপি নেতা মো. ফখরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। উত্তেজিত জনতা হামলাকারীদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চিলোড়া বাজার জামে মসজিদের উন্নয়ন তহবিলের টাকা এলডিপি নেতা ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা ছিল। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দোকানের তালা ভেঙে চুরি হয়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এতবারপুর গ্রামের রোকনের ছেলে রিফাত (১৫) চুরির সঙ্গে জড়িত। রোববার দুপুরে রিফাতকে বাজারে ধরে উত্তেজিত জনতা মারধর করে ও মাথা ন্যাড়া করে দেয়।
রিফাতের বাবা রোকন বিষয়টি জানিয়ে বিএনপি নেতা-কর্মীদের অবহিত করলে এতবারপুর, হারং ও মহারং এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসে ফখরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা বাধা দিলে তাদেরও মারধর ও দোকানপাট ভাঙচুর করা হয়। হামলায় এলডিপি নেতা ছোটনের খাবার হোটেল ও ফখরুল ইসলামের ভাই হোসাইনের চায়ের দোকানও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ৩টি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি পুড়িয়ে দেওয়া হয়। আহত ফখরুল ইসলামকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এলডিপি নেতারা অভিযোগ করেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সম্ভাব্য মনোনয়ন ঠেকাতে বিএনপি ইচ্ছাকৃতভাবে সংঘর্ষে জড়িয়েছে। অপরদিকে, বিএনপি নেতারা দাবি করেন, চোর সন্দেহে এক কিশোরকে মারধরের প্রতিবাদে তারা ঘটনাস্থলে গেলে এলডিপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক :