সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় কুমিল্লায় টানা সপ্তম দিনের মতো দোয়া মাহফিল, কোরআন খতম ও সদকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের উদ্যোগে এ সপ্তাহব্যাপী ধর্মীয় আয়োজন চলছে।
জানাগেছে, প্রতিদিন বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের পাশাপাশি অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ১৬টি খাসি বিতরণ করা হয়। খাসি পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ছাগল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। তার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া চলছে, কুমিল্লায়ও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রুহুল আমিন চৌধুরী সুমন