সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এই ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি এই নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন?
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে নির্ধারিত যোগ্যতা ও অযোগ্যতার শর্ত পূরণ করলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই। তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে বিদেশে থেকেও ভোটার হতে পারবেন। এমনকি মনোনয়নপত্রে স্বাক্ষর করে প্রতিনিধি মারফত বা ডাকযোগে তা দাখিল করাও সম্ভব।
ভোটার তালিকা বিধিমালার ১১(১০) উপবিধি অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা ফরম-২ পূরণ করে সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারেন। আইন অনুযায়ী, ভোটার হতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং প্রার্থী হতে হলে ২৫ বছর পূর্ণ হতে হবে।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন, ফেরারি আসামি হন, দেউলিয়া হয়ে দায়মোচন না পান, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা নৈতিক স্খলনের কারণে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হয়ে কারামুক্তির পর পাঁচ বছর না পার করেন—তাহলে তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন অনুযায়ী কমিশন চাইলে তফশিল ঘোষণার পরও যেকোনো নাগরিককে ভোটার করতে পারে। সে কারণে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। তবে প্রার্থী হতে হলে ২৯ ডিসেম্বরের মধ্যে তাকে ভোটার হতে হবে এবং মনোনয়নপত্র জমা দিতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন। এতে কোনো সমস্যা হবে না।”
তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর; বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত; আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি; আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

অনলাইন ডেস্ক :