প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

নির্বাচনী হামলার নেপথ্যে কারা জড়িত জুলকারনাইনের তথ্য ঘিরে তোলপাড়

অনলাইন ডেস্ক :

বিজয়নগরে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী হাদি, সাংবাদিকের স্ট্যাটাসে উঠে এলো চাঞ্চল্যকর নেটওয়ার্ক

 

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন, যেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

শরিফ হাদির ওপর হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার স্ট্যাটাসে উঠে আসে এমন কিছু তথ্য, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

জুলকারনাইন দাবি করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন প্রশিক্ষিত আততায়ীকে সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কুষ্টিয়া-মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ, আন্ডারওয়্যার্ল্ডের সক্রিয় অংশ এবং পলাতক অপরাধীরা একযোগে নির্বাচনের আগে সহিংসতা ও টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছে।

 

তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা—যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার হিসেবে পরিচিত—সম্প্রতি জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থি সংগঠন ‘গণমুক্তি ফৌজ’-এর প্রধান মুকুলের সঙ্গে টেলিফোন কনফারেন্সে এসব বিষয়ে আলোচনা করেছেন। সুব্রত বায়েন, যিনি বর্তমানে কারাগারে, তার মেয়ের মোবাইল ফোন ব্যবহার করে পিচ্চি হেলাল ও মুকুলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সুব্রতর মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর হত্যা মামলার আসামি লেদার লিটন, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সঙ্গে তাদের সংযোগ ঘটান।

 

জুলকারনাইন তার স্ট্যাটাসে বলেন, “নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

এদিকে হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন