ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।”
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর লন্ডন থেকে ঢাকায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান বলেন, “গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন তারা হতে দেবে না। একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়।” তিনি ওসমান হাদির ওপর হামলাকে চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “আজকের এই ঘটনা প্রমাণ করে, ষড়যন্ত্রকারীরা মাঠে নেমে পড়েছে।”
তিনি আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামেও বিএনপির আরেক প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের আহ্বান জানান। “বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী—ছোট দল বড় দল না দেখে সবাইকে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে,”—বলেন তারেক।
তিনি নেতাকর্মীদের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে এবং বিভ্রান্তি প্রতিরোধে সজাগ থাকার নির্দেশ দেন। একইসঙ্গে ওসমান হাদির ওপর হামলার তদন্তে প্রশাসনকে সহযোগিতার ঘোষণা দেন এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ছাত্রদল নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ সচেতনতা ও প্রস্তুতি দেখাতে হবে।”

অনলাইন ডেস্ক :