কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুরে ভয়াবহ হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘ইমামা কনস্ট্রাকশন’-এর মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম (রানা)।
গত ৩ ডিসেম্বর রাতে চৌয়ারা, সুয়াগাজী, লালমাই, কোটবাড়ি ও বিজয়পুর এলাকা থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মধ্যম আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। মুহূর্তেই তারা চাপাতি, সুইচগিয়ার, দা-ছেনি ও রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় আরিফুলের বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বুকে, পিঠে, মুখে ও বিভিন্ন স্থানে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা সহকর্মী ইকবাল হোসেনও গুরুতর আহত হন।
হামলাকারীরা আরিফুলের কাছে থাকা সংগ্রহ করা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।
৭ ডিসেম্বর সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন আরিফুলের মা পুতুল বেগম (৫৫)। মামলায় এফআইআরভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন আমির হোসেন, মো. ইব্রাহিম, মো. ইকরাম, মামুন মিয়া, হালিম মিয়া, পারভেজ, মিজান মিয়া, কাজী নয়ন, হাসান, মনু মিয়া এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি।
তাদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।
তবে মামলার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবার।
কান্নাজড়িত কণ্ঠে মা পুতুল বেগম বলেন,
“আমার ছেলের হাত কেটে ফেলল, মেরে ফেলার চেষ্টা করল, ৫ লাখ টাকা নিয়ে গেল, তারপরও পুলিশ নড়ছে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও কাউকে ধরছে না। চিকিৎসা, ওষুধ, যাতায়াত সব মিলিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আরিফুলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

তরিকুল ইসলাম তরুণ :