হঠাৎই বদলে গেল নাম। মাঠের সৈনিক বাদ, মনোনয়ন গেল ‘নিরুদ্দেশ’ নেতার হাতে।
এই ঘোষণার পর থেকেই কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট) আসনে বিএনপির রাজনীতিতে নেমে এসেছে অস্থিরতা, ক্ষোভ আর হতাশার ঝড়। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া ত্যাগী নেতা হাজী আমিন-উর রশিদ ইয়াছিনকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরীকে—যিনি স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
হাজী ইয়াছিন কেবল একজন প্রার্থী নন, বরং কুমিল্লা বিএনপির দুঃসময়ের অভিভাবক। মামলা-হামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, আইনি সহায়তা, সাংগঠনিক ঐক্য রক্ষা—সবখানেই তার ভূমিকা ছিল অনস্বীকার্য। অথচ মনোনয়ন ঘোষণার শেষ মুহূর্তে তার নাম রহস্যজনকভাবে বাদ পড়ে যায়।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, যাদের উপর ভরসা করে ইয়াছিন দলকে আগলে রেখেছেন, সেই গুটিকয়েক ঘনিষ্ঠই আজ তার পেছনে ছুরি মেরেছে। ইয়াছিনপন্থীরা বলছেন, এটি শুধু একজন নেতার সঙ্গে নয়, বরং পুরো তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। স্থানীয় জরিপে ইয়াছিনের জনপ্রিয়তা স্পষ্ট থাকলেও, মনোনয়ন পরিবর্তনকে তারা দেখছেন পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে।
এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াতপন্থী একটি চক্র—এমন অভিযোগও উঠেছে। অলিগলিতে ‘নিশ্চিত বিজয়ের মুকুট’ নিয়ে ঘুরে বেড়ানো এই গোষ্ঠী মাঠপর্যায়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির একাধিক নেতা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু বিএনপি নয়, সবদলই এবার ভোট বাড়াতে বিতর্কিত ও নিষিদ্ধ ভোটারদের পুনর্বাসনের চেষ্টা করছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন—এই মনোনয়ন পুনর্বিবেচনা না হলে, মাঠে নামা কঠিন হবে। তৃণমূলের রক্ত-ঘামে গড়া সংগঠনকে অবমূল্যায়ন করলে তার পরিণতি শুভ হবে না।

মোঃ ইকরাম হোসেন :