২০০৬ সালের ২৮ মে দেশের ২৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ছয়টি অনুষদের অধীনে ১৯টি বিভাগ নিয়ে পরিচালিত এ বিশ্ববিদ্যালয় প্রায় দুই দশক পার করলেও এখনো কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে স্থান করে নিতে পারেনি। গবেষণা, শিক্ষকসংখ্যা ও আন্তর্জাতিকীকরণে ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশ্বায়নের এই যুগে বিশ্ববিদ্যালয়গুলো কেবল দেশীয় পরিসরে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান জানান দিচ্ছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), কিউএস ও সাংহাই র্যাংকিংয়ের মতো আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও কুবির নাম নেই কোথাও। সম্প্রতি কিউএস প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও কুবি ছিল অনুপস্থিত। একইভাবে টিএইচই প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬’-এ দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও কুবি বাদ পড়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুবিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত প্রায় ১:৩৫, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আদর্শ অনুপাত ১:২০। নেই কোনো বিদেশি শিক্ষক বা শিক্ষার্থী। এমনকি অফিসিয়াল ওয়েবসাইটেও তথ্য হালনাগাদের ঘাটতি রয়েছে।
বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া কুবির একমাত্র শিক্ষক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্যাহ বলেন, “নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষকসংখ্যা কম, ফলে গবেষণা প্রকাশনাও কম। অনেক সূচকে শূন্য নম্বর পাওয়ায় র্যাংকিংয়ে এগোনো কঠিন হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “গবেষণায় বরাদ্দ বাড়ানো গেলে অগ্রগতি সম্ভব।”
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, “গবেষণা কার্যক্রম ধীরে ধীরে উন্নতির পথে। স্কোপাস বা ওয়েব অব সায়েন্সে প্রকাশনার শর্তে প্রণোদনা দেওয়া হচ্ছে। পিএইচডি প্রোগ্রাম চালু হওয়ায় গবেষণার পরিমাণ বাড়বে।”
তবে তিনি শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ও আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন। আসনসংখ্যা কমিয়ে অনুপাত উন্নয়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত ২৯ অক্টোবর কুবিতে প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ দপ্তর চালু হয়। ইতোমধ্যে তুরস্কের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। তবে জনবল সংকট ও গবেষণার জন্য নির্দিষ্ট স্থানের অভাবসহ একাধিক কাঠামোগত দুর্বলতা এখনো রয়ে গেছে।
দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রভাষক মশিউর রহমান বলেন, “আন্তর্জাতিক র্যাংকিংয়ে আসতে হলে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, ওয়েবসাইটের মান ও শিক্ষকসংখ্যাসহ সব ক্ষেত্রেই উন্নয়ন দরকার।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমরা র্যাংকিং নিয়ে কাজ করছি। এত বছর ধরে কেউ নজর দেয়নি। এখন আমরা আগের চেয়ে একটু হলেও এগিয়েছি। তবে এটি একদিনে সম্ভব নয়।”
বিশ্লেষকদের মতে, কুবিকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে জায়গা করে নিতে হলে গবেষণা বরাদ্দ বাড়ানো, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ওয়েবসাইট হালনাগাদ, আইআরবি সক্রিয়করণ এবং কাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

কুবি সংবাদদাতা :