প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

হুমকি-নির্যাতনের পর এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

রাজধানীর হাজারীবাগের জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

জান্নাত আরা রুমি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

 

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

 

তবে রুমির মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু নিষিদ্ধ ঘোষিত অ্যাক্টিভিস্ট তার বিরুদ্ধে চালায় মানসিক নির্যাতন। তাকে দেওয়া হয় হত্যা ও ধর্ষণের হুমকি। এমনকি তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্যও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, রুমির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ উদাহরণ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন— “এই মৃত্যু আত্মহত্যা নয়, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।”

প্রিন্ট করুন