ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা এক ঘণ্টাব্যাপী চলে।
বৈঠকে অংশ নিতে দুপুর ১২টার কিছু আগে একে একে কমিশন ভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তাঁদের স্বাগত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর ভূমিকা।
ইসি সূত্রে জানা গেছে, এদিন দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক :