প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

যৌতুক না পেয়ে গোমতীর পাড়ে স্ত্রীর নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগরে যৌতুকের বলি হলেন তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোমতী ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তাকে নৃশংসভাবে হত্যা করে তার স্বামী আবদুল কুদ্দুস ওরফে রুবেল (২৫)। বিক্ষুব্ধ জনতা ঘাতক রুবেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

নিহত তানজিনা ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পারিবারিকভাবে তানজিনা ও রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুবেল ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিতে থাকে। দরিদ্র পিতার পক্ষে চাহিদা পূরণ সম্ভব না হওয়ায় তানজিনা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। অবশেষে গত রবিবার তিনি মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগের জেরে ক্ষিপ্ত রুবেল মঙ্গলবার দুপুরে কৌশলে তানজিনাকে গোমতী ব্রিজের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে তানজিনাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তানজিনার মৃত্যু হয়।

 

স্থানীয়রা ধাওয়া করে ঘাতক রুবেলকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

মুরাদনগর থানার ওসি হাসান জামিল জানান, ঘাতক রুবেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

 

তানজিনার পরিবার ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে। এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন