প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় ভেকু মালিককে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে খাল ও খালের পাশের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহের দায়ে ভেকু মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা চন্দ্রপুর কৃষ্ণছড়া এলাকায় বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাসকরা চন্দ্রপুর এলাকার কৃষ্ণছড়া খাল ও আশপাশের কৃষি জমি থেকে মাটি কেটে একতা বাজারের অনিক ব্রিকসে নিয়ে যাচ্ছিল। এতে পরিবেশ ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।
বুধবার দুপুরে ভেকু দিয়ে মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ভেকুর মালিক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভা ও থানার একটি চৌকস দল সহযোগিতা করে। অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন অনুমতি ছাড়া কৃষি জমি ও খাল থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছে। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট করুন