আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার, ২৯ ডিসেম্বর। এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া এবারের নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম।
অন্যদিকে, ফেনী-১ আসনে সোমবার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দেবেন জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেবেন তার প্রধান নির্বাচন সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক :