কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে মাদক সেবন, ছুরি ব্যবহার, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এসব অপরাধের কারণে বিশেষ করে প্রবাসী পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের তিন ছেলে—সুজন, মনা ও ইউসুফ এবং পাশের রামদেবপুর গ্রামের আবু তাহের খন্দকারের ছেলে নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে এসব অপরাধে জড়িত। অভিযোগে বলা হয়েছে, মনিপুর আনন্দ মার্কেটের পূর্ব কোণায় তাদের একটি নিয়মিত আস্তানা রয়েছে, যেখানে তারা অপরাধ পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবশালী কিছু অসাধু ব্যক্তির ছত্রচ্ছায়ায় তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে করে গ্রামের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নারী ও কিশোরীরা চরম উদ্বেগ ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মনোহরগঞ্জ থানার কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি :