প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ডিসেম্বরে কুমিল্লায় পুলিশের বড় সাফল্য অস্ত্র,মাদক সহ ১৩৮২ গ্রেপ্তার

রুহুল আমিন চৌধুরী সুমন

কুমিল্লায় ডিসেম্বর ২০২৫ মাসজুড়ে পরিচালিত বিশেষ পুলিশ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ১টি দেশি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপগান, ২১ রাউন্ড গুলি, ৮ রাউন্ড কার্তুজ, ৩টি কাটা রামদা, ১টি দা, ২টি ছুরি চাকু এবং ৪টি জেনি।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে গাঁজা ৮০ কেজি ২০২ গ্রাম, ফেনসিডিল ৪৪ বোতল, দেশি মদ ৩২০ লিটার, ইয়াবা ৪৪ হাজার ৭৪৯ পিস, হেরোইন ১২ বোতল, বিয়ার ক্যান ১২টি, কফ সিরাপ ৫০ বোতল, বিদেশি মদ ১০ বোতল এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট ১২ হাজার ৫০০ পিস। মাদক মামলায় মোট ১৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি কাভার্ড ভ্যান, ৩টি সিএনজি, ৩টি পিকআপ ও ১টি বাস আটক করা হয়। জেলা হান্ট ফেজ টু অভিযানে ৪২৬ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় মাদক ব্যতীত গ্রেপ্তার করা হয়েছে ৭৫০ জনকে। ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন ২১ জন। ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। নোয়াখালী জেলা থেকে ডাকাতি হওয়া ৫ দশমিক ৫ ভরি স্বর্ণ এবং ফেনী জেলা থেকে ডাকাতি হওয়া ১০টি গরু উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে ডিসেম্বর মাসে কুমিল্লা জেলায় পুলিশের অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮২ জনে। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রাশেদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন