কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবুকে মেয়র পদে পূর্ণ সমর্থন দিয়েছেন।
চৌধুরীর ঘনিষ্ঠ মহলের মতে, কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নতুন নেতৃত্ব প্রয়োজন, আর আবু সেই নেতৃত্ব দিতে সক্ষম। যদিও এই বিষয়ে মনিরুল হক চৌধুরীর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সূত্রের দাবি অনুযায়ী, তিনি মনে করেন “কুমিল্লা শহরকে যানজটমুক্ত রাখতে হলে নতুন পরিকল্পনা দরকার, আর সেজন্য সিটি করপোরেশনের এলাকা বাড়াতে হবে।”
অন্যদিকে, সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে ঘিরে চলছে দ্বিধা। একটি সূত্র বলছে, তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না। তবে সাক্কুর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, “সাক্কু জনগণের ভালোবাসায় বিশ্বাসী, তিনি অবশ্যই মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবেন।”
কুমিল্লা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৯০ সালের দিকে। দীর্ঘ সময় ধরে এটি একটি ঐতিহ্যবাহী পৌর এলাকা হিসেবে পরিচিত ছিল। পরে ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। কিন্তু প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও নগরবাসী আশানুরূপ উন্নয়ন দেখতে পাননি বলে অভিযোগ রয়েছে।
নগরবাসীর অভিযোগ, রাস্তাঘাটের সংকোচন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, যানজট, জলাবদ্ধতা এবং নাগরিক সেবার ঘাটতি কুমিল্লা শহরকে বসবাসের অনুপযোগী করে তুলছে। ফলে সিটি করপোরেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্ব নির্ধারণ, অভ্যন্তরীণ ঐক্য এবং উন্নয়ন ভাবনার প্রতিফলন সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মনোনয়নপ্রাপ্ত চৌধুরীর সমর্থন, সাক্কুকে ঘিরে অনিশ্চয়তা এবং আবুর সম্ভাব্য প্রার্থিতা সব মিলিয়ে কুমিল্লা সিটি নির্বাচন জমে উঠছে।

নিজস্ব প্রতিবেদক :