কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
মনিরুল হক চৌধুরীর বক্তব্য
তিনি উল্লেখ করেন, হাজী আমিনুর রশিদ ইয়াছিন কুমিল্লার একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপিকে আঁকড়ে রেখেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত অভিমান বিসর্জন দিয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছেন। মনিরুল বলেন, ইয়াছিনের এই ত্যাগ শুধু কুমিল্লাতেই নয়, সারাদেশে বিএনপির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, “আমি কখনো জেলা বিএনপির কোনো পদ চাইনি। আল্লাহ আমাকে প্রার্থী হিসেবে কবুল করেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইয়াছিন ভবিষ্যতে আরও দূর এগিয়ে যাবে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা
মনিরুল হক চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবই ধানের শীষের স্বার্থে করেছেন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”
ইয়াছিনের বক্তব্য
প্রধান বক্তা হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করেছেন। তিনি বলেন, “আমি প্রতিযোগিতা করলে ষোল আনা প্রতিযোগিতা করি। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, তাই অতীতের সব চিন্তা বাদ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চটা দেব।”
উপস্থিত নেতৃবৃন্দ
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিমসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :