প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লাকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার মনিরুল হক চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত “আমার স্বপ্ন আমার কুমিল্লা” শীর্ষক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন কুমিল্লা অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নির্বাচিত হলে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে নগরীর চেহারা পাল্টে দেবেন।

 

তিনি বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলকে নিয়ে বিভাগ গঠন অবিলম্বে করতে হবে। সংসদে গেলে অগ্রাধিকার ভিত্তিতে এ দাবি পূরণে কাজ করবেন।

 

বৃটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিমানবন্দর চালু হলে ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং প্রবাসীদের দুর্দশা কমবে।

 

সিটি করপোরেশন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে গেলেও কুমিল্লা এখনো মেগাসিটি হয়নি। তিনি নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপদান ও সীমানা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করবেন।

 

নগরীর যানযট নিরসনে বৃহৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শহরকে বিকেন্দ্রীকরণ করে দক্ষিণে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তর এবং উত্তরে গোমতী পাড়ে উপশহর গড়ে তুললে চাপ কমবে।

 

জলাবদ্ধতা নিরসনে পুরোনো খাল উদ্ধার, ড্রেন খনন ও বড় খালের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় “ওয়েস্ট রিসাইকল প্রজেক্ট” বাস্তবায়নের ঘোষণা দেন।

 

কোটবাড়ি ও লালমাই পাহাড়কে ঘিরে স্যাটেলাইট সিটি ও ইকো ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা এবং ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক ও সরাসরি রেললাইন বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন