কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শারবান তাহুরা সাকি আর নেই। কিডনি বিকল ও হৃদপিণ্ডের জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কুবি পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকি ২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। একই সঙ্গে হৃদপিণ্ডে দেখা দেয় মারাত্মক জটিলতা। হৃদযন্ত্রের দুর্বলতা ও ফুসফুসে পানি জমে তাঁর শারীরিক অবস্থা দিন দিন আরও সংকটাপন্ন হয়ে ওঠে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তার জীবনাবসান ঘটে।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া শারবান তাহুরা ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং রেখে গেছেন ১০ বছর বয়সী এক পুত্রসন্তান। মায়ের স্নেহের ছায়া হারিয়ে, সন্তানের মাথার ওপর থেকে মমতার ছায়া সরিয়ে তিনি চলে গেলেন চিরকালের জন্য।
শারবান তাহুরার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে স্মরণ করছেন একজন নম্র, ভদ্র ও জীবনপ্রেমী মানুষ হিসেবে, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন বেঁচে থাকার আশায়।

নিজস্ব প্রতিবেদক :