কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকায় শিশুদের প্রাণবন্ত কোলাহল, হাসি-আনন্দ আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে দিনভর এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ (দৈনিক আজকের পত্রিকা ও বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি)।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা।
প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল নানা আকর্ষণীয় ইভেন্ট—বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, জল-ডাঙা খেলা, একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে এবং ঐতিহ্যবাহী খেলাধুলা। দর্শকরা শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে দারুণভাবে মুগ্ধ হন।
প্রধান অতিথি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিজস্ব প্রতিবেদক :