প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

তিন যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের পর বিএনপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দলীয়ভাবে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের প্রেস উইং জানিয়েছে, ‘নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।’

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘ তিন যুগ পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

প্রিন্ট করুন