প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড প্রদান

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক উত্তীর্ণ মোট ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।

 

মঙ্গলবার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও প্রভাষক মো. শাফায়েত হোসেন বলেন, “এ সম্মাননা শুধু একটি সনদ নয়, বরং দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের স্বীকৃতি। প্রতিকূলতা পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি।” তিনি তার বাবা-মায়ের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাঁদের দোয়া ও ত্যাগেই আজ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

 

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজকের মেলাটা হচ্ছে মেধাবীদের মেলা। তোমরা সেরাদের সেরা হয়েছ, তাই এই অ্যাওয়ার্ড সারাজীবন ধরে রাখার চেষ্টা করবে এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করবে।”

 

উপাচার্য ড. হায়দার আলী বলেন, “একটা বিশ্ববিদ্যালয় উন্নত হয় ছাত্রছাত্রীদের মানের উপর ভিত্তি করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন ভালো ছাত্ররা আসা শুরু করেছে, র‍্যাগিং কমে গিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি সেরাদের সেরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।”

 

অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, “আজকের দিনটি বিজ্ঞান অনুষদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ডিনস অ্যাওয়ার্ড কেবল একটি পুরস্কার নয়; এটি শিক্ষার্থীদের ধারাবাহিক একাডেমিক সাফল্য, গবেষণামনস্কতা, নেতৃত্বগুণ এবং নৈতিক দায়বদ্ধতার স্বীকৃতি।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্মাননা বিজ্ঞান অনুষদের একটি স্থায়ী প্রথায় পরিণত হবে।

প্রিন্ট করুন