প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জনসেবায় নিরলস প্রচেষ্টার জন্য আনসার বাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

 

আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বাহিনীর সদস্যদের জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপি’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রিন্ট করুন