প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা চকবাজার ইজারায় সর্বোচ্চ দরদাতার পে অর্ডার গায়েব অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি কর্পোরেশনের দৈনিক চকবাজার ইজারায় দরপত্র জমা দেওয়া এক ইজারাদারের পে-অর্ডার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৪ মার্চ) মো. মোবারক হোসেন নামের এক ইজারাদার এ অভিযোগ করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন দৈনিক চকবাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করে। নির্ধারিত সময়ে দরপত্র সংগ্রহ করে পুলিশ সুপারের কার্যালয়ে টেন্ডার বক্সে জমা দেওয়া হয়। কিন্তু বুধবার দরপত্রের বাক্স খোলার পর দেখা যায়, সর্বোচ্চ দরদাতা মো. মোবারক হোসেনের খাম থেকে পে-অর্ডার উধাও। যদিও খামের অন্যান্য ডকুমেন্ট ঠিকই রয়েছে।

 

বিষয়টি দেখে মো. মোবারক হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীকে অবগত করলে তাকে আশ্বস্ত করা হয় যে সর্বোচ্চ দরদাতাকেই দৈনিক চকবাজারের ইজারা দেওয়া হবে।

 

মো. মোবারক হোসেন জানান, “আমার কাছে পে-অর্ডারের ফটোকপি আছে। কিন্তু দরপত্রের বাক্স খোলার পর দেখা যায়, আমার পে-অর্ডারের মূল কপি নেই।” তিনি দাবি করেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা এ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে বৈধ ইজারাদার ঘোষণা করে কার্যাদেশ দেওয়ার আহ্বান জানান।

 

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূইয়া বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ওই দরদাতাকে বলেছি, যদি ফটোকপির সঙ্গে মিল পাওয়া যায়, তাহলে তা বিবেচনায় নেওয়া হবে। যিনি সর্বোচ্চ দরদাতা হবেন, তিনিই ইজারা পাবেন।”

প্রিন্ট করুন