প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে স্টার লাইন বাস চাপায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস চাপায় মো. ইয়াছিন প্রকাশ জুয়েল (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত জুয়েল ফেনীর ঐশ্বদিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায়। নিহত জুয়েল স্বপরিবারে কালিকাপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুর হিসেবে এলাকায় কাজ করতেন। নিহতের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং একমাত্র ছেলে একটি হেফজ্ মাদরাসায় পড়ে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার বেলা ১১টার পরে জুয়েল মহাসড়কের পাশের একটি চা দোকানে চা-নাস্তা খেয়ে মহাসড়ক পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

জুয়েলের ভাড়া বাসার মালিক আব্দুস সাত্তার জানান, নিহত জুয়েল এর এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। অপর ছেলে স্থানীয় একটি হেফজ মাদরাসার শিক্ষার্থী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে স্টার লাইন পরিবহনের কয়েকটি যাত্রীবাহী বাস আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

প্রিন্ট করুন