প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, অপরাধের ধরন পরিবর্তন ও বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা পুলিশ আধুনিক কৌশল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি Yamaha FZS V4 মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: আব্দুল খালেক মোল্লা, সাং: বাকা (পশ্চিম পাড়া), থানা: লোহাগড়া, জেলা: নড়াইল। (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)
এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), পিতা: আবুল কামাল, সাং: রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন), থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন