প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে জাল জন্মসনদ ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড তৈরির নামে অর্থ আত্মসাত সহ ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে জাল জন্ম সনদ তৈরি ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড বিতরণের নামে অসহায় নারী সহ অনেকের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়াও প্যানেল চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ড এর ইউপি সদস্যদের সীল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ রয়েছে অভিযুক্ত সেই সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ০৪নং শ্রীপুর ইউনিয়নে। অভিযুক্ত কথিত সাংবাদিকের নাম মো. এরশাদ রানা। তার বাড়ি একই ইউনিয়নের খেয়াইশ গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে বলে জানা গেছে। মূলতঃ সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী হলেও এলাকায় নিজেকে সে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগি ০৪নং শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ০৯নং ওয়ার্ড মেম্বার মো. বজলুর রহমান বিষয়টি নিয়ে রবিবার (১০ মে) সকাল অনুমান সাড়ে এগারোটায় প্রতিবাদ করলে ইউনিয়ন পরিষদের মধ্যেই উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত এরশাদ রানা ইউপি সদস্য বজলুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি-উষ্ঠা মারা সহ বেধড়ক মারধর করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কথিত ওই সাংবাদিক নিজেকে র‌্যাব, ডিসি, এসপি, ইউএনও, ওসি সহ সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে সু-সম্পর্ক আছে বলিয়া প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যকে হুমকি-ধমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্থায় ভুক্তভোগি ইউপি সদস্যগণ সহ অভিযোগকারী অসহায় নারী এবং অপরাপর ভুক্তভোগি সাধারণ মানুষ চরম উৎকন্ঠা ও আতংকে রয়েছেন। অভিযুক্ত কথিত ওই সাংবাদিকের দ্বারা তারা ক্ষতির আশংকা করছেন। এমতাবস্থায় ইউপি সদস্য বজলুর রহমান এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে এরশাদ রানার বিরুদ্ধে রবিবার বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের একজন সদস্য স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে জাল জন্ম সনদ তৈরি ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড বিতরণ সহ তাকে মারধরের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন