প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

চেতনানাশক মিশিয়ে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, এক দশকেও থামেনি নির্যাতন?

অনলাইন ডেস্ক

কুমিল্লায় দীর্ঘ এক দশক ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছেন পেশাদার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ। সর্বশেষ মঙ্গলবার (১২ মে) তাকে খাবারের সঙ্গে চেতনানাশক রাসায়নিক দ্রব্য মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং চিকিৎসা সংক্রান্ত নথিও সংযুক্ত করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তথাকথিত “স্যার নামীয়” একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে লক্ষ্য করে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছে। এর আগে আদালত প্রাঙ্গণে ‘ফিল্মি স্টাইলে’ হত্যাচেষ্টা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন জানিয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত জিআর ৮৫০/২৪ ও জিআর ৮১২/২৫ এবং আদালতের সিআর ৬১৫/২৬ মামলার নথিপত্রে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করে আসছে। তারা ভুয়া প্রশাসনিক পরিচয় ব্যবহার করে অপহরণের চেষ্টা, সাইবার বুলিং এবং মিথ্যা ওয়ারেন্ট তৈরি করে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ মামলা দায়ের করা হলে আদালত বিষয়টি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ জানান, গত ৩ আগস্ট ২০২৪ তারিখে তার ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে চক্রটি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামাজিকভাবে হেয় করতে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
নথিপত্রে আরও জানা যায়, তিনি কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। অভিযোগ রয়েছে, আসামিরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট মো. সেলিম মিয়া জানান, অপরাধীরা অত্যন্ত কৌশলী এবং তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করে সাংবাদিকের জীবন বিপন্ন করে তুলছে। সিসিটিভি ফুটেজসহ প্রযুক্তিগত প্রমাণ থাকা সত্ত্বেও আসামিরা এখনও গ্রেপ্তারের বাইরে থাকা উদ্বেগজনক।
একজন সংবাদকর্মীর ওপর এমন ধারাবাহিক নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় কুমিল্লার সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—একজন সাংবাদিক যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এখন দেখার বিষয়, আদালতের নির্দেশনার পর পুলিশ প্রশাসন কত দ্রুত এই অভিযোগের তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারে।

প্রিন্ট করুন