প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

শশীদল রেলস্টেশনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় ট্রেনে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ এর ব্রাহ্মণপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা হলেন বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ’র বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন শশীদল স্টেশনে বিরতিকালে ট্রেনে ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উঠানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন সাংবাদিকরা। এ সময় কবির হোসেন, পারুল আক্তার, রাসেলসহ অজ্ঞাতনামা ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
পরে ঘটনাস্থল ত্যাগ করে মোটরসাইকেলে চলে যাওয়ার সময় স্টেশনের বাইরে সাংবাদিকদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলায় আহত দুই সাংবাদিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শশীদল বিজিবি ক্যাম্পের অদূরে অবস্থিত এই রেলস্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েকটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য এনে ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এছাড়া অভিযোগ রয়েছে, ট্রেন স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং ট্রেন ছেড়ে যাওয়ার পর আবার বিদ্যুৎ ফিরে আসে। এই সুযোগে চোরাকারবারিরা অন্ধকারে অবৈধ মালামাল ট্রেনে তোলে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের ভাষ্য, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং একাধিকবার সীমান্ত এলাকায় অভিযানও পরিচালনা করেন। তবে অভিযানের পরও ট্রেনে চোরাই মালামাল পাচার বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবারও একইভাবে পাচার কার্যক্রম শুরু হয়। অভিযানে ছোটখাটো সদস্যরা ধরা পড়লেও নেপথ্যের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে ঘটনার পর বিষয়টি শশীদল বিওপি কমান্ডারকে জানাতে গেলে সাংবাদিকরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হামলাকারীদের সঙ্গে কয়েকজন বিজিবি সদস্যকে আড্ডা দিতে দেখেন বলে অভিযোগ ওঠে। তবে সাংবাদিকদের ওপর হামলা কিংবা চোরাচালানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কমান্ডার।

এ বিষয়ে শশীদল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের সরকার বলেন, “স্টেশনে চোরাকারবারিদের কারণে আমাদের নিরাপত্তা নেই। ট্রেনে চোরাই পণ্য পাচারের কারণে যাত্রীরা স্বাভাবিকভাবে উঠানামা করতে পারছেন না।” তিনি বিষয়টি রেলওয়ে পুলিশকে দায়ী করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেন।

ফারুক হোসেন বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন