কুমিল্লার মুরাদনগর উপজেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন পথচারীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (০৬ জুন ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মুরাদনগর থানার গকুলনগর এলাকার গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরের সামনে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা একটি গাড়ির চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় রাস্তা পারাপাররত এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পরও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এটিএম মাজহারুল ইসলাম: