ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড়-নাসিরনগর সড়কের বহুল প্রতীক্ষিত নাইন ব্রিজ প্রকল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে দ্রুত নির্মাণকাজ শুরুর পাশাপাশি এক বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান এমপির নির্দেশনায় প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্পের ঠিকাদার খায়রুল হাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজ বাস্তবায়নের প্রস্তুতি ও বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, বিদ্যমান জটিলতা এবং দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই নাইন ব্রিজ প্রকল্পের নির্মাণকাজ পুরোদমে শুরু হবে। এছাড়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে এবং এক বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হবে।
দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা এ প্রকল্প বাস্তবায়িত হলে চাতলপাড়-নাসিরনগর সড়কে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):