কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর (বড় বাড়ী) এলাকায় সংঘটিত আলোচিত জসীম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হোসেন (৩৫)কে রবিবার (১৪ জুন ২০২৬ইং) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতার নাজমুল হোসেন বরুড়া উপজেলার ১১নং গালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধনিশ্বর (বড় বাড়ী) গ্রামের বাসিন্দা। তিনি আলী আকবর ওরফে আলী আক্কবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধনিশ্বর (বড় বাড়ী) এলাকায় জসীম উদ্দিন (৫০)কে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় নাজমুল হোসেনকে প্রধান আসামি করা হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকেই তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।
তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এবং বরুড়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেটের একটি এলাকা থেকে পলাতক নাজমুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে বরুড়ায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “র্যাব-৯, সিলেট এবং বরুড়া থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধী যতই আত্মগোপনে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “আইনের হাত অনেক লম্বা। কোনো অপরাধীই আইনের শাস্তি থেকে রেহাই পাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।”
স্থানীয়দের মতে, বহুল আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, জসীম উদ্দিন হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠেছিল। প্রধান আসামির গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এটিএম মাজহারুল ইসলাম: