প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি: গুলিবিদ্ধ যুবককে অপহরণের অভিযোগ, এলাকায় আতঙ্ক

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলক্ষী দাসপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবককে ঘটনাস্থল থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

অপহরণের শিকার গুলিবিদ্ধ যুবকের নাম রিফাত আহমেদ। তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। একই ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্ববিরোধের জের ধরে সোমবার (১৫ জুন) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় রিফাত আহমেদ গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

রিফাতের স্বজনরা জানান, ঘটনার পরপরই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে, ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ রিফাতের এক বোনজামাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে স্থানীয় কথিত ডাকাত মনেক মিয়া এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। যদিও মনেক মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত গুলিবিদ্ধ যুবককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলাগুলির ঘটনা সত্যতা পাওয়া গেছে। তবে কারা গুলি করেছে এবং গুলিবিদ্ধ যুবককে অপহরণের অভিযোগের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন