আদালতপাড়ায় বিএনপির ৩১ দফা তুলে ধরলেন মনিরুল হক চৌধুরী
কুমিল্লা আদালত প্রাঙ্গণে ৩১ দফা ঘোষণা সম্বলিত লিফলেট বিতরণ, গণসংযোগ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি আদালতপাড়ায় আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন।
গণসংযোগকালে মনিরুল হক চৌধুরী বলেন, “দেশে সুশাসন, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রভাগে কাজ করেন, তাই তাঁদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”
এসময় উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য আইনজীবী।
আদালতপাড়ার আইনজীবীরা বিএনপির ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে মতামত দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের প্রশংসা করেন। গণসংযোগ শেষে প্রার্থী মনিরুল হক চৌধুরী আদালত প্রাঙ্গণে অবস্থানরত সাধারণ মানুষের সাথেও কুশল বিনিময় করেন।










