র্যাব–১১-এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুমিল্লায় র্যাব-১১-এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ কবির হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মতিনগর এলাকায় সিপিসি-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
র্যাব জানায়—গ্রেপ্তারকৃত কবির হোসেন কুমিল্লার মতিনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, স্থানীয় মাদকচক্রের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
র্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় নানা অভিযানে তারা চাঞ্চল্যকর অপরাধে জড়িত ২৭৫ জনকে আটক করেছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন, আরসার ১৫ সদস্য, দুই জঙ্গি, হত্যা মামলার ১৯০ আসামি, ধর্ষণ মামলার ৯৮ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। একই সময়ে ১২৫টি অস্ত্র, ১৩৯৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অপহরণের ৮২ জন আসামি গ্রেপ্তার এবং ৯৩ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলেও জানায় বাহিনীটি।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই মতিনগরে এ অভিযান পরিচালিত হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত কবির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












